বক্সঅফিসে চরম লড়াই! একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’ ও নাগার্জুনের ‘কিং ১০০’ – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুখোমুখি হতে চলেছে দুই মেগাস্টার—শাহরুখ খান এবং নাগার্জুন আক্কেনেনি। একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ এবং নাগার্জুনের কর্মজীবনের শততম ছবি ‘কিং ১০০’। নাগার্জুনের ৬৭তম জন্মদিনে প্রকাশিত হয়েছে ‘কিং ১০০’-র প্রথম ঝলক। অন্নপূর্ণা স্টুডিয়োজ়ের প্রযোজনায় এবং রা কার্তিকের পরিচালনায় নির্মিত এই ছবিতে প্রায় সাতাশ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নাগার্জুন ও তব্বু। এক মিনিটের বেশি দীর্ঘ টিজারে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছনোর এক আকর্ষক ইঙ্গিত মিলেছে, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, প্রায় তিন বছর পর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। একই দিনে দুই তারকার ছবির মুক্তি এবং নামের এই অদ্ভুত মিল বক্সঅফিসে এক হাড্ডাহাড্ডি ও রোমাঞ্চকর লড়াইয়ের আবহ তৈরি করেছে। এখন দেখার বড়দিনের এই জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত কোন ‘রাজা’ বক্সঅফিস মাতান।
