বক্সা দুর্গে ১০০ কোটির বিশেষ সংগ্রহশালা, রাজবংশী বিতর্কের পর নেতাজি স্মরণে বড় সিদ্ধান্ত নবান্নের! – এবেলা

এবেলা ডেস্কঃ
ঐতিহাসিক বক্সা দুর্গে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এক বিশালাকার সংগ্রহশালা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্রিটিশ আমলের এই দুর্গে বিপ্লবীদের বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো, যেখানে একসময় বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রী বিশাল লামার পেশ করা এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন এই প্রকল্পে স্বাধীনতা সংগ্রামীদের অতুলনীয় আত্মত্যাগের ইতিহাস প্রদর্শনের পাশাপাশি নেতাজির স্মৃতিবিজড়িত সেই বিশেষ সেলেই একটি পৃথক গ্যালারি তৈরি করা হবে। পর্যটকদের কাছে ঐতিহাসিক তথ্য পৌঁছে দেওয়া এবং উত্তরপ্রজন্মের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে জীবন্ত রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে কেবল ঐতিহাসিক গুরুত্বই নয়, রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাঙালি মননে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তার প্রলেপ দিতেই উত্তরবঙ্গের মাটিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও বিতর্কিত মন্তব্যের পর অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছিলেন, তবুও নেতাজি অনুরাগীদের অসন্তোষ পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে উত্তরবঙ্গের বুকে নেতাজির নামে এই সংগ্রহশালা নির্মাণকে রাজ্যের এক কৌশলগত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ইতিহাসপ্রেমী মানুষও সরকারের এই নতুন উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করেছেন।
