বঙ্গোপসাগরে দুর্যোগের মাঝেই বড় আপডেট, সময়ের আগেই বিদায় নিচ্ছে বর্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের প্রভাবে বিভিন্ন অংশে বৃষ্টি চললেও, দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাস প্রবেশ করতে শুরু করায় পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর এবং রাজস্থানের মতো অঞ্চলগুলিতে আগামী কয়েক সপ্তাহে বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর থেকে বিদায় পর্ব শুরু হলেও আবহাওয়ার বর্তমান গতিপ্রকৃতি ইঙ্গিত দিচ্ছে যে নির্ধারিত সময়ের আগেই বর্ষার খেলা শেষ হতে পারে।
এদিকে গত ৪ জুন থেকে দেশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় ১৩ শতাংশ কম হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যভিত্তিক বৃষ্টিপাতের চিত্রে মারাত্মক আসামতা লক্ষ্য করা গেছে; মধ্য ও পশ্চিম ভারতে স্বাভাবিক বৃষ্টি হলেও উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কর্নাটক এবং উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি না হলে এই ঘাটতি মেটার সম্ভাবনা কম, যা কৃষিক্ষেত্র, ফসলের সুরক্ষা এবং মাটির আর্দ্রতা রক্ষায় বড় ধরনের আশঙ্কা তৈরি করছে।
