বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, মঙ্গলে বৃষ্টি শুরু বঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছে। আগামী দুদিনে এটি আরও শক্তি সঞ্চয় করে বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এই ঝড়ের সরাসরি বড় প্রভাব রাজ্যে না পড়লেও এর জেরে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে বুধবার বৃষ্টির পরিমাণ বেড়ে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বুধবার থেকে দার্জিলিং ও জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সব জেলা প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।
