বজ্রপাতে TV-AC প্লাগ খোলা কি শুধুই ভয়, নাকি বিজ্ঞান? জানুন আসল সত্যিটা! – এবেলা

বজ্রপাতে TV-AC প্লাগ খোলা কি শুধুই ভয়, নাকি বিজ্ঞান? জানুন আসল সত্যিটা! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাইরে মেঘের গর্জন বা বৃষ্টি শুরু হলেই কি আপনি এসি, ফ্রিজ কিংবা টিভির প্লাগ খুলতে ছোটেন? অনেকেই একে সাধারণ ভয় বা অন্ধবিশ্বাস মনে করেন। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা—বজ্রপাতের সময় ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখা সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং অত্যন্ত কার্যকর একটি সতর্কতা।

কেন বাজ পড়লে নষ্ট হয় ইলেকট্রনিক্স ডিভাইস?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সুমন কুমার চক্রবর্তী এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন।

তিনি জানান, ঘরের কাছাকাছি কোথাও বজ্রপাত হলে নিমেষের মধ্যে এক বিশাল ‘পাওয়ার সার্জ’ (Power Surge) বা অতিরিক্ত ভোল্টেজ তৈরি হয়।

  • বজ্রপাতের ফলে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তা সরাসরি ঘরের বিদ্যুতের লাইন, টেলিফোন তার বা ইন্টারনেটের কেবলের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
  • এর ফলে সাধারণ ২২০-২৩০ ভোল্টের লাইন এক মুহূর্তেই কয়েক গুণ বেশি ভোল্টেজে পরিণত হয়।
  • টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার কিংবা ওয়াই-ফাই রাউটারের মতো সংবেদনশীল যন্ত্রগুলোর সার্কিট বোর্ড বা কম্প্রেসর এই উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে না এবং পুড়ে যায়।
  • আশ্চর্যের বিষয় হলো: বাজ যদি আপনার বাড়ি থেকে কয়েকশো মিটার বা এমনকি কয়েক কিলোমিটার দূরেও পড়ে, তবুও তারের মাধ্যমে এই পাওয়ার সার্জ আপনার ঘরে পৌঁছাতে পারে।

প্লাগ খোলা কি বাস্তবে সবসময় সম্ভব?

প্লাগ খুলে রাখা শতভাগ নিরাপদ ঠিকই, তবে কখন কোথায় বাজ পড়বে তা আগে থেকে জানা আসাম্ভব। আবার কাজ বা ব্যস্ততার কারণে সবসময় প্রতিটা যন্ত্রের প্লাগ খোলাও সম্ভব হয় না।

সুরক্ষার স্থায়ী বৈজ্ঞানিক উপায় কী?

বজ্রপাতে দামি যন্ত্রপাতির ক্ষতি এড়াতে বিশেষজ্ঞরা কয়েকটি আধুনিক পদ্ধতির কথা বলছেন:

১. Type 2 Surge Protection Device (SPD): বাড়ির মূল ডিস্ট্রিবিউশন বোর্ডে এই ডিভাইসটি লাগানো জরুরি। কাছাকাছি বাজ পড়লে অতিরিক্ত হাই-ভোল্টেজ বিদ্যুৎকে এটি সরাসরি মাটিতে (গ্রাউন্ডে) পাঠিয়ে দেয়। ২. Type 3 SPD এক্সটেনশন বোর্ড: টিভি বা কম্পিউটারের মতো সংবেদনশীল যন্ত্র সুরক্ষায় Type 3 SPD যুক্ত এক্সটেনশন বোর্ড ব্যবহার করা যেতে পারে (তবে এর জন্য মূল বোর্ডে Type 2 SPD থাকা প্রয়োজন)। ৩. সঠিক আর্থিং (Earthing): সঠিক আর্থিং ছাড়া এই ডিভাইসগুলো ঠিকমতো কাজ করতে পারে না। বাড়িতে আর্থ রেজিস্ট্যান্স ৫ ওহম (Ohm)-এর মধ্যে আছে কিনা তা দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে মেপে নেওয়া উচিত।

সাধারণ ভুল ধারণা:

অনেকে ভাবেন বাড়ির ছাদে লোহা বা তামার রড লাগিয়ে রাখলেই ইলেকট্রনিক্স বেঁচে যাবে। কিন্তু ‘পাওয়ার সার্জ’ থেকে ভেতরের ডিভাইস বাঁচাতে এসপিডি (SPD)-ই একমাত্র কার্যকর সমাধান। কিছুটা ব্যয়বহুল হলেও, এই ছোট বিনিয়োগ ভবিষ্যতে হাজার হাজার টাকার দামি জিনিসপত্র নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *