বড়জোড়ায় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ছিটকে এলো গলিত লোহা, গুরুতর দগ্ধ ৩ শ্রমিক! – এবেলা

বড়জোড়ায় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ছিটকে এলো গলিত লোহা, গুরুতর দগ্ধ ৩ শ্রমিক! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত ঘুটগোড়িয়া শিল্পতালুকের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কারখানার ৩ জন কর্মী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। আহতরা হলেন জীবন ঘোষ বাউড়ি (হাট-আশুড়িয়া, বড়জোড়া), শিবশঙ্কর রায় (দুর্গাপুর) এবং রাজেশ কুমার সিং (বিহার)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার সিসিএন (CCN) মেশিন থেকে গ্যাস লিকেজের কারণে ইস্পাত গলানোর ফার্নেসে আচমকা বিস্ফোরণ ঘটে। ফলে উত্তপ্ত গলিত লোহা ছিটকে এসে গায়ে পড়ে ওই ৩ শ্রমিকের। জখম কর্মীদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে দুর্গাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই কারখানা প্রাঙ্গণে পৌঁছান পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। দুর্ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন কারখানার অন্য কর্মীরা। শ্রমিক সুমন্ত মণ্ডলের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের চরম গাফিলতি এবং ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থার অভাবেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এমনকি জরুরি পরিস্থিতিতে নিজস্ব অ্যাম্বুল্যান্সের পরিষেবাও মেলেনি বলে অভিযোগ তোলেন তাঁরা। যদিও কারখানা ম্যানেজমেন্ট এই গাফিলতির কথা সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, সেফটি প্রোটোকল মেনেই কাজ পরিচালিত হয় এবং কারখানায় অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *