বড়পর্দায় ‘পঞ্চায়েত’? ইঙ্গিত নির্মাতাদের

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ এবার বড়পর্দায় আসতে পারে। সম্প্রতি ভোপালের কাছে মহোদিয়া গ্রামে ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দ্য ভাইরাল ফিভার-এর প্রেসিডেন্ট বিজয় কোশি এই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ২০১৬ সাল থেকেই সিরিজটিকে সিনেমা হিসেবে দর্শকের সামনে আনার ইচ্ছা তাঁদের দীর্ঘদিনের।
তবে সিনেমা তৈরির বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। গল্প, শুটিং বা মুক্তির দিনক্ষণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয় কোশি জানিয়েছেন, ভবিষ্যতে যদি সিনেমাটি তৈরি হয়, তবে সিরিজের পরিচিত মুখদেরই সেখানে দেখা যেতে পারে।
সিরিজের অন্যতম অভিনেতা রঘুবীর যাদব অবশ্য এই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তাঁর মতে, ফুলেরা গ্রামের গল্পের নিজস্ব ছন্দ ও গভীরতা তিন ঘণ্টার সিনেমায় কতটা বজায় রাখা সম্ভব, তা একটি বড় চ্যালেঞ্জ।
ওটিটি প্ল্যাটফর্মে ‘মির্জাপুর’ সিরিজের সাফল্যের পর ওয়েব সিরিজকে সিনেমায় রূপান্তর করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পঞ্চায়েতের ক্ষেত্রে নির্মাতাদের মূল লক্ষ্য হলো ওটিটির জনপ্রিয় চরিত্রগুলোকে বড়পর্দায় তুলে ধরা। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত ৫’ মুক্তি পাচ্ছে।
