বড় ক্লাবগুলোর সরকারি টাকায় পুজো শেষ! মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বড় নির্দেশ শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরই এক বড়সড় এবং নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ধর্মের ভিত্তিতে পূর্বতন সরকারের দেওয়া সমস্ত রকম ভাতা বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। আর এই নির্দেশ আসতেই প্রশ্ন উঠেছিল রাজ্যের সবচেয়ে বড় উৎসব ‘দুর্গাপুজো’-র সরকারি অনুদান নিয়ে। সেই ধোঁয়াশা পুরোপুরি সাফ করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজোর সরকারি অনুদান পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে এখন থেকে তা দেওয়া হবে শুধুমাত্র ‘প্রয়োজন’ বা যোগ্যতার ভিত্তিতে। যেসব ছোট ক্লাব মূলত সরকারি আর্থিক সাহায্যের ওপর নির্ভর করেই পুজোর আয়োজন করে, তারা এই সুবিধা বজায় রাখতে পারবে। তবে যে সমস্ত বড় ও প্রভাবশালী ক্লাবের নিজস্ব আর্থিক সামর্থ্য বা বিপুল স্পন্সর রয়েছে, তারা আর সরকারের তরফ থেকে কোনো অনুদান পাবে না।
পূর্বতন সরকারের ঢালাও পুজো অনুদানের নীতিতে কাটছাঁট করে নতুন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে এক বড়সড় শোরগোল ফেলে দিয়েছে। বড় ক্লাবগুলোর ওপর এই কোপ পড়ার পর পুজো কমিটিগুলোর অন্দরে এখন তুমুল চর্চা শুরু হয়েছে।
