বড় ঘোষণা! শিক্ষায় যুগান্তকারী বদল আনতে জেলায় জেলায় আসছে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে নতুন রূপ দিতে এবং শিক্ষার মান উন্নত করতে জেলায় জেলায় সিএম শ্রী ইনস্টিটিউট গড়ার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষক দিবস উপলক্ষ্যে নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। জাতীয় শিক্ষা নীতির আওতায় সেন্ট্রাল স্কুলের আদলে প্রতিটি জেলায় আপাতত দুটি করে মডেল স্কুল তৈরি করা হবে। জহর নবোদয় বিদ্যালয়ের আদলে এই ইনস্টিটিউটগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পরিকাঠামোর অবনতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন এই মডেল স্কুলগুলিতে সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব এবং স্মার্ট বোর্ডের মতো উন্নত পরিকাঠামো থাকবে, যা রাজ্যের পঠনপাঠনের চিত্র সম্পূর্ণ বদলে দেবে। পাশাপাশি উচ্চশিক্ষার প্রসারে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালুর কথাও ঘোষণা করা হয়েছে। সরকারের এই সুদূরপ্রসারী পদক্ষেপে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে জাতীয় স্তরে গৌরব অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
