বড় ধামাকা! রাহুল গান্ধীকে আসল ‘মন্ত্র’ দিয়ে কি বোঝাতে চাইলেন কিরেন রিজিজু? – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। দিল্লিতে ইন্ডি জোটের বিরোধীদের মিছিল ও বিক্ষোভ প্রদর্শন ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির আবহেই লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। রাহুলকে নাটক বন্ধের আহ্বান জানিয়ে রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি কর্মীদের থেকে নিঃস্বার্থ জনসেবা শেখা উচিত কংগ্রেসের। দেশসেবায় নিজেদের নিয়োজিত করলেই তবেই মানুষ রাহুল গান্ধীকে বিশ্বাস করবে বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের ঐতিহাসিক শাসনকালকে কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, ৫৫ বছর দেশ শাসনকারী কংগ্রেস দু’বছর জরুরি অবস্থা জারি রেখে সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত বদলে দিয়েছিল। কংগ্রেস দিনরাত ভারতের মানহানি করতে ও জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন রিজিজু। দেশের গণতন্ত্রকে দুর্বল না করে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত না করে কংগ্রেসকে সঠিক পথে আসার স্পষ্ট বার্তা দেন তিনি।
