বনগাঁ কাণ্ডে গ্রেফতারির খবর সম্পূর্ণ ভুয়ো! মিডিয়াকে কড়া আইনি হুঁশিয়ারি ক্ষুব্ধ মিমির – এবেলা

এবেলা ডেস্কঃ
বনগাঁ কাণ্ডে গ্রেফতারি নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি, মিডিয়াকে কড়া হুঁশিয়ারি দিলেন মিমি
টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে জড়িয়ে ‘বনগাঁ কাণ্ড’ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সংবাদমাধ্যম। একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বনগাঁ আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই সমস্ত প্রতিবেদনকে সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর’ বলে উড়িয়ে দিয়ে কড়া আইনি বিবৃতি জারি করেছেন অভিনেত্রী।
সোমবার সংবাদমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে মিমি স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এমন কোনও আইনি পদক্ষেপের খবর তো দূর, আদতে কোনও এফআইআর-ই নেই। তথ্যের সত্যতা যাচাই না করেই এই ধরণের খবর প্রকাশ করায় সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। গত ৬ই জুন প্রকাশিত ওই সমস্ত প্রতিবেদনে অভিযোগকারী তনয় শাস্ত্রীর বয়ানের ওপর ভিত্তি করে মিমির বিরুদ্ধে চার্জশিট ও ১০ দিনের মধ্যে হাজিরার দাবি করা হয়েছিল। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে দেওয়ার আগে তথ্যের সত্যতা যাচাই না করাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন অভিনেত্রী।
ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ও আইনি হুঁশিয়ারি
মিমি চক্রবর্তীর মতে, এই ধরণের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং সাধারণ মানুষের দরবারে তাঁর দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে, বনগাঁ আদালতে তাঁর বিরুদ্ধে কোনও চার্জশিট দেওয়া হয়নি এবং বর্তমান তারিখ পর্যন্ত তাঁর নামে কোনও ক্রিমিনাল রেকর্ড বা এফআইআরও দায়ের নেই।
ভবিষ্যতে যাতে এই ভুয়ো খবর আর না ছড়ায়, তার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সমস্ত সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থাকে অনুরোধ করেছেন, প্রিন্ট, ইলেকট্রনিক, ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া— কোথাও যেন এই ধরণের কোনও যাচাই না করা বা মিথ্যা খবর পরিবেশন বা প্রচার না করা হয়। এরপরেও যদি কেউ এমনটা করেন, তবে তার সম্পূর্ণ দায় এবং আইনি ঝুঁকি ও খরচ সংশ্লিষ্ট সংস্থাকেই বহন করতে হবে বলে সাফ জানিয়েছেন মিমি।
