বলিউডের কোন অন্ধকারের কথা ফাঁস করে শোরগোল ফেলে দিয়েছিলেন নানা পাটেকর – এবেলা

এবেলা ডেস্কঃ
পর্দায় তাঁর খিটখিটে অথচ লড়াকু মেজাজ যেমন রক্তে মিশে রয়েছে, ঠিক তেমনই বাস্তব জীবনেও কোনো রাখঢাক না রেখেই কথা বলায় অভ্যস্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বলিউডের চকচকে দুনিয়ায় বরাবরই ব্যতিক্রমী এই অভিনেতা একসময়ে তথাকথিত অ্যাওয়ার্ড শো এবং পুরস্কার প্রদানের গোপনীয় সিস্টেম নিয়ে এমন এক মন্তব্য করেছিলেন, যা আজও বলিপাড়ার অন্দরে আলোড়ন ফেলে দেয়। ১৯৯৫ সালে ‘ক্রান্তিবীর’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার ফিল্মফেয়ার ট্রফি ওঠে তাঁর হাতে। ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের হাত থেকে যখন নানা এই সম্মান গ্রহণ করেন, তখন গোটা অডিয়েন্সের নজর ছিল তাঁর দিকে। কিন্তু পুরস্কার হাতে পেয়ে চিরাচরিত প্রথা ভেঙে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তিনি যা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, তা শুনে চমকে গিয়েছিলেন উপস্থিত অতিথিরাও।
মঞ্চে মাইক হাতে নিয়ে সটান নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নানা বলেন, “আজ পর্যন্ত আমার এটাই ধারণা ছিল যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বুঝি টাকা দিয়ে কেনা যায়! তবে আজ নিজের হাতে পাওয়ার পর মনে হচ্ছে, না, হয়তো সব সময় তা কেনা হয় না। তবে হ্যাঁ, যতক্ষণ না নিজের হাতে পুরস্কারটা আসছিল, ততক্ষণ আমারও ঠিক এটাই মনে হতো। আর যদি না পেতাম, তবে আমি নিশ্চয়ই বলতাম— ওরে বাবা, ওটা তো কিনে নিয়েছে! আসলে আমি তো মানুষ, তাই না? এমনটাই তো মনে হওয়া স্বাভাবিক।” শুধু পুরস্কার নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যই নয়, সেই রাতে নিজের সহকর্মী ও প্রতিযোগীদের প্রতি ভালোবাসার কথাও সুন্দরভাবে তুলে ধরেছিলেন নানা। তিনি জানান, সেবার সেই ক্যাটাগরিতে যাঁদের নাম নমিনেশনে ছিল, তাঁদের মধ্যে কাউকেই পুরস্কার দেওয়া হলেও তাঁর মনে একই আনন্দ হতো, কারণ তাঁরা প্রত্যেকেই তাঁর পরিবারের সদস্যের মতো।
