বল চকচকে করতে লালা ফেরানোর দাবি শুভমান গিলের

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ড্র হওয়ার পর বলের মান নিয়ে প্রশ্ন তুললেন শুভমান গিল। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোভিড অতিমারীর সময় বল চকচকে করতে লালা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা পুনর্বিবেচনা করা উচিত।
গিলের মতে, বিশ্ব এখন কোভিড পর্ব থেকে অনেকটাই এগিয়ে এসেছে, তাই পুরনো নিয়মে ফিরে যাওয়ার বিষয়টি আইসিসির ভেবে দেখা উচিত। তিনি বলেন, ব্যবহৃত কুকাবুরা বল ২৫ থেকে ৩০ ওভারের মধ্যেই অত্যন্ত নরম হয়ে গিয়েছিল। বল নরম হওয়ায় ব্যাটের কানা লেগে উইকেটকিপার বা স্লিপে ক্যাচ যাওয়ার সম্ভাবনা কমে যায়। ইংল্যান্ডেও একই সমস্যা হয়েছিল বলে তিনি জানান।
পিচ থেকে বোলাররা সহায়তা না পেলে এবং বলের মান খারাপ হলে উইকেট নেওয়া কঠিন হয়। শুভমান গিলের মতে, লালা ব্যবহারের অনুমতি দিলে দলগুলো বলকে দীর্ঘ সময় ভালো অবস্থায় রাখতে পারবে। বোলারদের সুবিধা এবং খেলার ভারসাম্য বজায় রাখতে এই নিয়ম পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন তিনি।
