বল বিকৃতি নিয়ে বিস্ফোরক শোয়েব আখতার, স্বীকার করলেন পাকিস্তানের কারসাজির কথা

২০১৮ সালের অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’ এবং ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। খোয়াজা দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি পুরো অস্ট্রেলিয়া দলই জানত, অথচ শাস্তি পেয়েছিলেন মাত্র তিনজন। এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন শোয়েব আখতার।
উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব স্বীকার করেছেন যে, তাঁদের সময়ে পাকিস্তান দলেও বল বিকৃতির চর্চা ছিল। তিনি জানান, ইংল্যান্ডে খেলার সময় বলের রিভার্স সুইং করানোর জন্য তাঁরা স্যান্ডপেপারের বদলে বোতলের ছিপি ব্যবহার করতেন। শোয়েবের মতে, বল নিয়ে এমন কারসাজি দু-একজনের পক্ষে করা সম্ভব নয়, এর পেছনে পুরো দলেরই সায় থাকে। তিনি আরও বলেন, বল রিভার্স সুইং না করাতে পারলে ম্যাচ জেতা কঠিন ছিল, তাই তাঁরাও এই ভুল করেছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে গিয়ে ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ব্যানক্রফটের সাম্প্রতিক দাবি, দলের সদস্য ও কোচিং স্টাফদের অনেকেই এই পরিকল্পনা সম্পর্কে জানতেন। শোয়েব আখতারের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতির পুরনো বিতর্ককে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
