বাঁধ ভাঙার গুরুতর অভিযোগ উড়িয়ে নেপাল বিপর্যয়ে সাফ দায় এড়াল চিন! কাঠমান্ডুর সঙ্গে কি তবে বাড়ছে দূরত্ব? – এবেলা

এবেলা ডেস্কঃ
হড়পা বানে বিপর্যস্ত নেপালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৭৫০ জন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির জন্য সরাসরি চিনের দিকে আঙুল তুলেছে কাঠমান্ডু। তাদের দাবি, চিনের একটি বাঁধ ভেঙে পড়ার ফলে এই বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিপদ বুঝেও বেজিং তাদের আগাম সতর্ক করেনি। এর জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়েছে।
তবে নেপালের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিপর্যয়ের দায় সম্পূর্ণ এড়িয়ে গেছে চিন। বেজিং সাফ জানিয়ে দিয়েছে, দোষারোপ করে কোনও লাভ নেই, বরং এই মুহূর্তে সহযোগিতাই জীবন বাঁচাতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প নয়, হিমবাহ ধসের ফলেই এই হড়পা বান সৃষ্টি হয়েছে। বরফ ও পাথর নেমে আসার ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপত্যকার জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, চিনের এই দায় এড়ানোর নীতি কাঠমান্ডু-বেজিং সম্পর্কে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
