বাংলাদেশে ছড়িয়ে পড়া হিংসায় নিহত ৪, মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশে ছড়িয়ে পড়া হিংসায় নিহত ৪, মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮টি জেলায় নতুন করে অশান্তি ও হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। তিনতলা ভবনটির নিচতলায় আগুন লাগলেও টহলরত পুলিশ দ্রুত তা নিভিয়ে ফেলে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। একই এলাকায় বিএনপির এক সংসদ সদস্যের বাড়িতেও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।

দেশজুড়ে চলা এই অস্থিরতার মধ্যে নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে তিন বিএনপি কর্মী নিহত হয়েছেন। এছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা, গোপালগঞ্জ, নড়াইল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল ও নওগাঁয় অশান্তির খবর মিলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরুও রয়েছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জন এবং পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *