বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথের অবমাননা! নিন্দার ঝড় সর্বত্র

বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথের অবমাননা! নিন্দার ঝড় সর্বত্র

এবেলা ডেস্কঃ

 

খুলনা রেলস্টেশনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি: নেপথ্যে উসকানিমূলক পোস্টার

খুলনা: খুলনা রেলস্টেশনের সীমানা দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রহস্যজনকভাবে ওই দেওয়ালে থাকা অন্যান্য মনীষীদের প্রতিকৃতি অক্ষত থাকলেও, পরিকল্পিতভাবে শুধু কবিগুরুর ছবিতেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দেওয়ালে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এস এম সুলতানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতিও রয়েছে। ঘটনার পর দেখা যায়, কালিমালিপ্ত রবীন্দ্রনাথের প্রতিকৃতির দুপাশে দুটি পোস্টার সাঁটানো হয়েছে। সেখানে কবিগুরুর ‘শিবাজী উৎসব’ কবিতার সমালোচনা করে আপত্তিকর ও বিদ্বেষমূলক বার্তা লেখা হয়েছে।

এই ঘটনার পর থেকে রেলস্টেশন এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই প্রতিকৃতিটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন মূল শিল্পী রেজাউল করিম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় রঙ করার প্রক্রিয়া চলছে। কাজ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে খুলনা পুলিশ ও বিএনপির স্থানীয় যুব সংগঠনের নেতা-কর্মীদের কড়া নজরদারি বজায় রাখতে দেখা গেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিশ্ববরেণ্য কবিকে অপমান করা চরম সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ। ছবি মুছে বা কালি লেপে রবীন্দ্রনাথকে অস্বীকার করা সম্ভব নয়।”

উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা অ্যাকাডেমির সামনের দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় দুষ্কৃতীদের আটকের ঘটনাও ঘটে। পরপর এ ধরনের ঘটনায় সচেতন সুশীল সমাজ ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *