বাংলার মসনদে কি তবে শুভেন্দু, নেতা নির্বাচনে আজ কলকাতায় অমিত শাহ – এবেলা

বাংলার মসনদে কি তবে শুভেন্দু, নেতা নির্বাচনে আজ কলকাতায় অমিত শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার সরকার গঠনের তৎপরতা তুঙ্গে উঠেছে গেরুয়া শিবিরে। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় দলনেতা নির্বাচনের গুরুদায়িত্ব নিয়ে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলে প্রবল গুঞ্জন, সব ঠিক থাকলে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা শুভেন্দু অধিকারীই হতে চলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

পরিষদীয় নেতা নির্বাচনে শাহর বিশেষ ভূমিকা

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণত পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য স্বয়ং অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে পাঠায় না। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শাহর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। আজ বা আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রী পদের দৌড়ে স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী বা দিলীপ ঘোষের মতো একাধিক হেভিওয়েট নাম নিয়ে চর্চা রয়েছে, তবে অমিত শাহর ব্যক্তিগত আস্থা এবং জোড়া জয়ের সমীকরণ শুভেন্দুকে অনেকটাই এগিয়ে রেখেছে।

২৫ বৈশাখ শপথ ও সম্ভাব্য প্রভাব

বিজেপি বিরোধী শিবিরের ‘বহিরাগত’ তকমা ঘোচাতে এবং বাঙালি আবেগকে স্পর্শ করতে আগামী ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা করছে দল। এই দিনটি বেছে নেওয়ার মাধ্যমে বিজেপি তাদের বাংলা-মনস্ক ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে। শপথগ্রহণের স্থান হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা শহিদ মিনার ময়দানের মতো বড় জায়গার কথা ভাবা হচ্ছে, কারণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

একইসঙ্গে রাজ্য পরিচালনায় গতি আনতে একটি শক্তিশালী ‘উপদেষ্টা কমিটি’ গঠনেরও পরিকল্পনা রয়েছে দলের, যা নতুন সরকারকে নীতি নির্ধারণে গাইড করবে। আজকের বৈঠকেই চূড়ান্ত সিলমোহর পড়ার পর স্পষ্ট হবে বাংলার প্রশাসনিক ক্ষমতার ব্যাটন শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *