বাংলার শিল্পে মেগা ইনভেস্টমেন্ট! সার ও বিটুমেন উৎপাদনে আসছে কোটি কোটি টাকার বিনিয়োগ – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন গতি আনতে এবার সার, পেট্রোকেমিক্যাল এবং বিটুমেন উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করেছে উৎক্রম কেমিক্যালস প্রাইভেট লিমিটেড। বাংলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য আসামেও পরিকাঠামো গড়ার লক্ষ্য নিয়েছে এই সংস্থা। রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে রাজ্যে অত্যাধুনিক উৎপাদন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় শুধুমাত্র বিটুমেনেই বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।
কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারের ওপরই ভরসা রাখছে সংস্থাটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাশাপাশি মালয়েশিয়ার একাধিক রিফাইনারি থেকে কাঁচামাল আমদানির পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। আমদানি নির্ভরতা কমানো এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই সমন্বিত শিল্প পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ প্রকল্পটি বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের স্তরে রয়েছে এবং চূড়ান্ত রূপায়ণের জন্য সরকারি ছাড়পত্র ও নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
