বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল নিয়েও টাকা দিতে অস্বীকৃতি! হাতেনাতে ধরা পড়লেন দুই তৃণমূল নেতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে পালাবদলের পরেও তোলাবাজির সংস্কৃতি বন্ধ হয়নি, এমন অভিযোগ ফের একবার প্রকাশ্যে এল হাড়োয়া থানার শংকরপুর এলাকা থেকে। একটি পেট্রল পাম্পে বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরিয়ে পেমেন্ট না করে উলটো পাম্প কর্মীদের কাছেই মোটা অঙ্কের টাকা চাঁদা বা তোলা দাবি করেন স্থানীয় দুই তৃণমূল নেতা। টাকা দিতে অস্বীকার করায় কর্মীদের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পাম্প চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তদের।
ধৃত দুই নেতার নাম জাহাঙ্গীর আনসারী ও আনসারুল মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের গ্রেপ্তার করে হাড়োয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে শাসকদলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতা বিমল দাস দাবি করেছেন, অতীতেও বিভিন্ন দোকান বা প্রতিষ্ঠান থেকে বিনা পয়সায় সামগ্রী নেওয়ার প্রবণতা ছিল এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন।
