বাইক পার্কিংয়ের প্রতিবাদ করতেই হামলা, দুর্গাপুরে বিজেপি সমর্থককে রড দিয়ে মার তৃণমূল নেতার ছেলেদের – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায় বাইক পার্কিং নিয়ে বচসার জেরে এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার দুই ছেলের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম সচিদানন্দ যাদব। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে যখন তৃণমূল নেতা অর্ণব শ্যাম ও অনির্বাণ শ্যামের বাড়ির সামনে বাইক রাখার বিরোধিতা করেন সচিদানন্দ বাবু। অভিযোগ, এর পরেই লোহার রড দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত হওয়ায় দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)।
আক্রান্তের পরিবারের দাবি, বিজেপি সমর্থক হওয়ার কারণে বেশ কিছুদিন ধরেই তাঁদের ওপর বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং শাসকদলকে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। সেই পুরোনো আক্রোশের জেরেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, অভিযুক্ত দুজন এই বিষয়ে কোনো বক্তব্য দেননি। এই ঘটনায় দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
