বাজেটে বিরাট চমক! কালই কি ১০-১২% ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সোমবার কি খুশির জোয়ার আসতে চলেছে বাংলার সরকারি কর্মীদের জন্য? এদিন বিধানসভায় নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেটেই সরকারি কর্মীদের জন্য একধাক্কায় ১০ থেকে ১২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
রাজ্যে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট নিয়ে তাই প্রত্যাশার পারদ তুঙ্গে। নির্বাচনের আগে বাংলার সরকারি কর্মীদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কার্যকর করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার পালা বকেয়া ডিএ মেটানোর।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীরা ডিএ-র ক্ষেত্রে ৪২ শতাংশ পিছিয়ে রয়েছেন। এই বিপুল বঞ্চনার অবসান ঘটিয়ে সরকার এবার কর্মীদের দিকে মুখ তুলে চাইবে বলেই আশা ওয়াকিবহাল মহলের।
মনে করা হচ্ছে, এবারের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন। এর পাশাপাশি, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কিস্তির মাধ্যমে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার মতো বড়সড় ঘোষণাও শোনা যেতে পারে সোমবারের বিধানসভায়। সব মিলিয়ে কালকের বাজেটের দিকেই এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।
