বাজ পড়লেই কি সত্যিই টিভি-এসি বাঁচাতে প্লাগ খোলা জরুরি? জানুন আসল সত্যি! – এবেলা
এবেলা ডেস্কঃ
বাজ পড়লেই কি এসি কিংবা ফ্রিজের প্লাগ খুলতে ছোটেন? বিশেষজ্ঞদের মতে, ঘরের কাছাকাছি বজ্রপাত হলে তৈরি হয় অতিরিক্ত ভোল্টেজ বা পাওয়ার সার্জ। এই ইনডিউসড ভোল্টেজের কারণে ঘরের বৈদ্যুতিক লাইনে হঠাৎ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, যা টিভি, ফ্রিজ, ওয়াই-ফাই রাউটার বা কম্পিউটারের মতো সংবেদনশীল যন্ত্রের সার্কিট বোর্ড সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। তাই কাছাকাছি বজ্রপাত হলে যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে প্লাগ খুলে দেওয়া অত্যন্ত কার্যকর উপায় হলেও, হঠাৎ হওয়া বজ্রপাতের ক্ষেত্রে সবসময় তা আগে থেকে করা সম্ভব হয়ে ওঠে না।
এই অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী সুমন কুমার চক্রবর্তী বাড়িতে সঠিক আর্থিং এবং আধুনিক সার্জ প্রোটেকশন ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বাড়ির মূল বিতরণ বোর্ডে টাইপ টু এসপিডি এবং দামি যন্ত্রের সুরক্ষায় টাইপ থ্রি এসপিডি যুক্ত এক্সটেনশন বোর্ড ব্যবহার করলে এই মারাত্মক ক্ষতি সহজেই রোধ করা সম্ভব। যদিও এই ডিভাইসগুলোর খরচ কিছুটা বেশি, তবুও এই প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে সাধের ইলেকট্রনিক্স বাঁচানো যায়।
