বাড়িতেই যাচাই করুন গোলমরিচের বিশুদ্ধতা, জেনে নিন সহজ উপায়

রান্নার স্বাদ বাড়ানো কিংবা সর্দি-কাশির ঘরোয়া প্রতিকার হিসেবে কালো গোলমরিচের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। তবে বাজার থেকে কেনা গোলমরিচ আদৌ খাঁটি কি না, তা নিয়ে সংশয় থাকা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, ভেজাল মশলা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করতে পারে। তাই গোলমরিচ কেনার সময় সতর্ক থাকা এবং বাড়িতেই কিছু সহজ পরীক্ষার মাধ্যমে এর গুণমান যাচাই করা জরুরি।
জলের পরীক্ষায় আসল গোলমরিচ সহজেই চেনা সম্ভব। একটি গ্লাসে জল নিয়ে তাতে গোলমরিচ দিলে খাঁটি দানাগুলি নিচে তলিয়ে যায়, কিন্তু পেঁপের বীজ মেশানো থাকলে তা ভেসে ওঠে। এছাড়া সাদা কাগজের ওপর দানাগুলি রেখে ভালো করে লক্ষ্য করুন। আসল গোলমরিচ কুঁচকানো ও কালচে-বাদামি রঙের হয়, অন্যদিকে পেঁপের বীজ মসৃণ ও ডিম্বাকৃতির হয়ে থাকে। আঙুল দিয়ে চাপ দিলে আসল গোলমরিচ শক্ত থাকে, কিন্তু ভেজাল বা হালকা দানা সহজেই ভেঙে যায়।
গন্ধের মাধ্যমেও ভেজাল শনাক্ত করা যায়। হাতে নিয়ে ঘষে গন্ধ শুঁকে দেখুন; যদি কেরোসিনের মতো অস্বাভাবিক গন্ধ পাওয়া যায়, তবে বুঝতে হবে তাতে মিনারেল অয়েলের প্রলেপ রয়েছে। গুঁড়ো গোলমরিচের ক্ষেত্রে জলে মিশিয়ে পরীক্ষা করলে কাঠের গুঁড়ো ভেসে উঠতে পারে। কেনার সময় অতিরিক্ত চকচকে বা অস্বাভাবিক উজ্জ্বল দানা এড়িয়ে চলাই শ্রেয়। খুব কম দামে বেশি পরিমাণে গোলমরিচ পাওয়ার প্রলোভনে পা না দিয়ে সবসময় গুণমানের দিকে নজর দেওয়া প্রয়োজন।
