বাড়ির বউয়ের হাতে রান্না খেলেই এবার দিতে হবে টাকা? সত্যিটা জানলে চমকে যাবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রান্নাবান্না কিংবা ঘরের কাজকে নারীদের একচ্ছত্র দায়িত্ব হিসেবে ধরে নেওয়ার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইনস্টাগ্রাম ক্রিয়েটর প্রিয়া। বাইরে ক্যাফেতে গিয়ে দেদার টাকা খরচ করার পরিবর্তে তিনি বাড়িতেই ক্যাফে স্টাইলের সুস্বাদু খাবার তৈরি করে স্বামীর কাছ থেকে প্রতি প্লেটে ১০০০ টাকা করে নেন। প্রথমে মজার ছলে শুরু হলেও বর্তমানে এই অভিনব ঘটনা নেটদুনিয়ায় বড় তর্কের জন্ম দিয়েছে। প্রিয়া স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো জোরপূর্বক চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বরং বাইরে অর্থ অপচয় না করে ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবারের মূল্য পরিশোধের একটি চমৎকার উপায়। এই জমানো টাকা ব্যক্তিগত বিলাসে খরচ না করে ভবিষ্যতে একটি নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন এই দম্পতি।
রক্ষণশীল সমাজের একটি অংশ স্বামীর জন্য রানণাকে স্ত্রীর কর্তব্যের অংশ মনে করলেও, প্রিয়ার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তাঁর মতে, যুগ যুগ ধরে নারীরা কোনো আর্থিক স্বীকৃতি ছাড়াই রান্না ও গৃহস্থালির কাজ করে আসছেন। বাইরে গিয়ে একই মানের খাবার খেয়ে হাসিমুখে বিল মেটানো গেলেও বাড়ির খাবারের বেলায় অনেকেরই আপত্তি থাকে। এই আর্থিক লেনদেনের মাধ্যমে প্রিয়ার শ্রমের সঠিক মূল্যায়ন তো হচ্ছেই, পাশাপাশি ঘরের টাকা ঘরেই থাকছে। এই ঘটনা সমাজকে একটি গভীর বার্তা দেয় যে গৃহিণীদের বিনা পারিশ্রমিকের শ্রম ও সময়কে অবমূল্যায়ন করা বন্ধ করতে হবে এবং প্রতিদিনের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া উচিত।
