বাড়ি বাড়ি গেলে জুটবে মার? ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে চরম আতঙ্কে ৮ জেলার বিএলও-রা! – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্যদের নাম ফের নথিভুক্ত করতে বাড়ি বাড়ি যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই কাজ শুরু হতেই রাজ্যের আটটি জেলার বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের একাংশের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। অতীতে নাম বাদ যাওয়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার অভিজ্ঞতা থাকায়, এবারও হেনস্থা বা আক্রমণের আশঙ্কা করছেন তাঁরা। নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) নীলম মিনাকে চিঠি দিয়েছে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ।
ভোটকর্মী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশ, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং কলকাতার একাংশের মতো স্পর্শকাতর এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। অতীতে তথ্যাগত অসঙ্গতির জেরে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হন, যার রেশ এখনও রয়েছে। তাই প্রতিটি বিএলও-র সঙ্গে সশস্ত্র নিরাপত্তাকর্মী বা পর্যাপ্ত বাহিনী মোতায়েন না করা হলে তাঁরা বড় বিপদের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
