বাতিল নয় SC-ST-OBC সার্টিফিকেট! রাজ্য সরকারের গণ-যাচাই বিজ্ঞপ্তিতে হাইকোর্টের বড় স্থগিতাদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে ইস্যু হওয়া সমস্ত এসসি (SC), এসটি (ST) এবং ওবিসি (OBC) জাতিগত শংসাপত্র ঢালাওভাবে পুনর্যাচাইয়ের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের বিজ্ঞপ্তির ওপর এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। আদালতের এই আদেশের ফলে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজ্য জুড়ে শংসাপত্র যাচাইয়ের কাজ সাময়িকভাবে বন্ধ থাকছে।
উল্লেখ্য, গত ১৪ মে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসনকে ২০১১ সালের পর ইস্যু হওয়া সমস্ত শংসাপত্র পরীক্ষা করে ভুয়ো নথি বাতিলের নির্দেশ দিয়েছিল। সরকারের এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন যে, নির্দিষ্ট আইন ও নিয়মকানুন না মেনে এভাবে একসঙ্গে ঢালাও শংসাপত্র পুনর্যাচাই বা বাতিল করার প্রশাসনিক একচ্ছত্র ক্ষমতা রাজ্যের নেই। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পালটা দাবি করেন, ভোটার কার্ড ও বংশলতিকা খতিয়ে দেখে ভুয়ো শংসাপত্র বাতিল করার প্রশাসনিক অধিকার রাজ্যের রয়েছে।
সব শুনানি শেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রুটিনমাফিক বা ঢালাওভাবে শংসাপত্র পুনর্যাচাই করা চলবে না। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যদি জালিয়াতি বা ভুয়ো তথ্যের লিখিত অভিযোগ আসে, সে ক্ষেত্রে প্রশাসন নিয়ম অনুযায়ী আইনি পদক্ষেপ নিতে পারবে।
