বাতিল হচ্ছে UGC! সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতি, ২১ জুলাই বাদল অধিবেশনে পেশ হতে পারে ৭ বড় বিল – এবেলা

বাতিল হচ্ছে UGC! সুপ্রিম কোর্টে বাড়ছে বিচারপতি, ২১ জুলাই বাদল অধিবেশনে পেশ হতে পারে ৭ বড় বিল – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২১ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বহুপ্রতীক্ষিত বর্ষাকালীন বা বাদল অধিবেশন। তৃণমূল ভেঙে তৈরি হওয়া নতুন দল ‘NCPI’-এর ২০ জন সাংসদের সমর্থন পাওয়ায় সংসদে এবার বাড়তি আত্মবিশ্বাসের সঙ্গে নামছে শাসকদল এনডিএ (NDA)। রাজ্যসভাতেও শক্তি বেড়েছে বিজেপির। এই নয়া রাজনৈতিক সমীকরণের মাঝেই অধিবেশনে অন্তত ৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র।

তালিকায় নেই যে বিলগুলি: রাজনৈতিক মহলে প্রবল জল্পনা থাকলেও বহুল চর্চিত ‘মহিলা সংরক্ষণ বিল’ এবং ‘সীমানা পুনর্নির্ধারণ বিল’ আপাতত সরকারের সম্ভাব্য তালিকায় স্থান পায়নি। তবে সংসদীয় সূত্রের খবর, অধিবেশন চলাকালীন সরকার চাইলে যে কোনও সময় নতুন বিল উত্থাপন করতে পারে।

বাদল অধিবেশনে নজরে থাকছে যে ৭টি মেগা বিল:

  • বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল: উচ্চশিক্ষায় বড়সড় রদবদল। ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE) এবং এনসিটিই (NCTE) বাতিল করে একটি মাত্র সমন্বিত নিয়ন্ত্রক সংস্থা গঠন করার প্রস্তাব রয়েছে এই বিলে।
  • সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধন বিল, ২০২৬: আদালতে জমে থাকা বিপুল মামলার চাপ সামলাতে সুপ্রিম কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার উদ্দেশ্যে এই সংশোধনী আনা হবে।
  • এফসিআরএ (FCRA) সংশোধনী বিল: এনজিও (NGO)-গুলির বিদেশি অনুদানের উপর কড়া নজরদারি। এই বিল অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিল হলে বা রিনিউ না করলে, ওই সংস্থার সমস্ত বিদেশি ফান্ড বা সম্পত্তি সরাসরি সরকারের হাতে চলে যাবে।
  • আয়কর (সংশোধন) বিল, ২০২৬: ভারতের অর্থনীতিতে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ টানতে বন্ড মার্কেট বা ঋণপত্রের বাজারকে আরও চাঙ্গা করার প্রস্তাব।
  • জন্ম-মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬: জন্ম ও মৃত্যুর সংশাপত্র দেওয়ার প্রক্রিয়া আরও কড়াকড়ি করা এবং আইন ভাঙলে কড়া শাস্তির বিধান আনা হচ্ছে।
  • জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬: জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সামগ্রিক জাতীয় সম্মান রক্ষার্থে ১৯৭১ সালের পুরনো আইনে বদল আনা হচ্ছে।
  • এমএসএমই (MSME) উন্নয়ন (সংশোধন) বিল, ২০২৬: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বকেয়া টাকা পাওয়ার সমস্যা দূর করতে এবং ব্যবসাকে আরও সহজ করতে এই বিলটি আসছে। পাশাপাশি রাজ্য সরকারগুলোকেও বেশি স্বাধীনতা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *