বাবা হতে চান? সুস্থ শুক্রাণু পাওয়ার ৫টি গোপন উপায় জানুন!
পুরুষের প্রজনন স্বাস্থ্য: গর্ভধারণের ক্ষেত্রে শুক্রাণুর গুণমান কেন গুরুত্বপূর্ণ?
মানব প্রজনন প্রক্রিয়ায় নারী ও পুরুষ উভয়েরই ভূমিকা সমান ও অবিচ্ছেদ্য। প্রজনন সংক্রান্ত জটিলতার চিকিৎসায় দীর্ঘ সময় ধরে কেবল নারীর স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা গেছে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত স্পষ্টভাবে বলছে, একজন পুরুষের শুক্রাণুর গুণমান সন্তান ধারণের প্রক্রিয়ায় সমান গুরুত্বপূর্ণ। শুক্রাণুর গঠন, সচলতা এবং সামগ্রিক স্বাস্থ্যই নির্ধারণ করে গর্ভধারণের সম্ভাবনা এবং অনাগত সন্তানের শারীরিক সুস্থতা। জীবনযাপন, খাদ্যাভ্যাস ও হরমোনের ভারসাম্য সরাসরি এর ওপর প্রভাব ফেলে।
শুক্রাণুর মানের পাঁচটি নির্ণায়ক
প্রজনন সক্ষমতা যাচাইয়ে বিজ্ঞান মূলত পাঁচটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করে:
- গতিশীলতা বা মোটিলিটি: শুক্রাণুর গুণমান বোঝার সবচেয়ে বড় নির্দেশক হলো এর গতিশীলতা। শুক্রাণু কত দ্রুত এবং সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে, তার ওপর নির্ভর করে নিষিক্তকরণের সাফল্য। শুক্রাণু পর্যাপ্ত সক্রিয় না হলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো আসাম্ভব হয়ে পড়ে।
- গঠন বা মরফোলজি: একটি সুস্থ শুক্রাণুর নির্দিষ্ট শারীরিক কাঠামো থাকে, যার মধ্যে মাথা, মধ্যভাগ ও একটি লেজ বর্তমান। গঠনে যেকোনো ধরনের জটিলতা শুক্রাণুর ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা নষ্ট করে দেয়।
- শুক্রাণুর সংখ্যা বা কাউন্ট: প্রজনন ক্ষমতার ক্ষেত্রে সংখ্যার ভূমিকা অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গাইডলাইন অনুযায়ী, প্রতি মিলিলিটার বীর্যে অন্তত ১৫ মিলিয়ন বা তার বেশি শুক্রাণুর উপস্থিতি স্বাভাবিক। এই সংখ্যা কমে গেলে প্রাকৃতিকভাবে গর্ভধারণের পথ কঠিন হয়ে পড়ে।
- ডিএনএ-র গুণমান বা ইন্টেগ্রিটি: শুক্রাণুর অভ্যন্তরে থাকা ডিএনএ ভ্রূণের বিকাশে ব্লু-প্রিন্ট হিসেবে কাজ করে। ডিএনএ-তে কোনো অসামঞ্জস্য থাকলে তা ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয়। বর্তমানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্টের মাধ্যমে এই গভীরতর সমস্যা শনাক্ত করা যায়।
- শুক্রাণুর আয়ু বা দীর্ঘায়ু: নারীর প্রজননতন্ত্রে প্রবেশের পর একটি সুস্থ শুক্রাণু সাধারণত ৩ থেকে ৫ দিন পর্যন্ত জীবিত থাকতে সক্ষম। শুক্রাণুর আয়ুষ্কাল যত বেশি হবে, গর্ভধারণের সম্ভাবনাও তত বৃদ্ধি পাবে।
জীবনধারা ও প্রজনন স্বাস্থ্যের সম্পর্ক
বিশেষজ্ঞদের মতে, সচেতন জীবনধারা শুক্রাণুর গুণমান উন্নত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। সুষম পুষ্টিসমৃদ্ধ খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের কোনো বিকল্প নেই। ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং যেকোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য শুক্রাণুর উৎপাদন ও গুণমানের ওপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘ সময় ধরে সন্তান ধারণে ব্যর্থ হলে বা প্রজনন স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলে কোনো প্রকার সংকোচ ছাড়া চিকিৎসকের পরামর্শে ‘সেমেন অ্যানালাইসিস’ করা উচিত। সঠিক সময়ে সমস্যা চিহ্নিত করাই সমাধানের প্রথম ধাপ।
এক ঝলকে
- শুক্রাণুর সঠিক গতিশীলতা ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করে।
- সফল নিষিক্তকরণের জন্য শুক্রাণুর স্বাভাবিক গঠন অত্যন্ত জরুরি।
- স্বাভাবিক প্রজননের জন্য প্রতি মিলিলিটারে ন্যূনতম ১৫ মিলিয়ন শুক্রাণু থাকা আবশ্যক।
- ভ্রূণের সুস্থ বিকাশে শুক্রাণুর ডিএনএ ত্রুটিমুক্ত হওয়া অপরিহার্য।
- নারীর প্রজননতন্ত্রে শুক্রাণু ৩ থেকে ৫ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে।
- স্বাস্থ্যকর অভ্যাস, ধূমপান ও মদ্যপান বর্জন শুক্রাণুর মান উন্নত করতে সাহায্য করে।
