ব্যারাকপুর আদালতে ধুন্ধুমার! নৈহাটির তৃণমূল পুরপ্রধানের ছেলেকে লক্ষ্য করে ডিম-জুতো বৃষ্টি, চলল চড়-থাপ্পড়ও – এবেলা

বারাকপুর আদালতে ধুন্ধুমার! নৈহাটির তৃণমূল পুরপ্রধানের ছেলেকে লক্ষ্য করে ডিম-জুতো বৃষ্টি, চলল চড়-থাপ্পড়ও – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যারাকপুর: গ্রেপ্তারির পরেই উপচে পড়া জনরোষের মুখে পড়লেন নৈহাটির তৃণমূল পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। শনিবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলার সময় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পুলিশি নিরাপত্তা বলয় ভেঙেই অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে লক্ষ্য করে উড়ে আসে ডিম এবং জুতো। এমনকি তাঁকে চড় মারার পাশাপাশি ক্রমাগত ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল।

শুক্রবার রাতে সোদপুরের একটি আবাসন থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় অভিজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণ, তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখার মতো একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশি নিরাপত্তা ভেঙেই হামলা:

শনিবার দুপুরে ধৃত অভিজিৎকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হয়। থানার গাড়ি থেকে তাঁকে নামানোর সাথে সাথেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। কড়া পুলিশি পাহারা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা নিরাপত্তা বলয় ভেঙে সোজা অভিযুক্তের ওপর চড়াও হন। শুরু হয় ডিম ও জুতো বৃষ্টি। ধাক্কাধাক্কি ও হট্টগোলের জেরে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় আদালত চত্বর। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কড়া নিরাপত্তায় তাঁকে এজলাসে নিয়ে যাওয়া হয়।

রাজনৈতিক পারদ তুঙ্গে:

তৃণমূল নেতার ছেলের এই পরিণতি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় যে সন্ত্রাস ও তোলাবাজি চলছিল, তারই পুঞ্জীভূত ক্ষোভ আজ আমজনতা উগরে দিয়েছে। অন্যদিকে, এই হাইপ্রোফাইল গ্রেপ্তার ও মারধরের ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *