বারান্দায় স্বামীর ঝুলন্ত দেহ, ঘরে স্ত্রীর নিথর দেহ, বসিরহাটে তোলপাড়!

বারান্দায় স্বামীর ঝুলন্ত দেহ, ঘরে স্ত্রীর নিথর দেহ, বসিরহাটে তোলপাড়!

 

বসিরহাটে দম্পতির রহস্যমৃত্যু, উদ্ধার স্বামী-স্ত্রীর দেহ

বসিরহাট: বসিরহাটের ৬ নম্বর ওয়ার্ডের সানাপুকুর এলাকায় একই পরিবারের স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত দম্পতির নাম সুদেব গোস্বামী (৬০) এবং সোমা গোস্বামী (৫৫)। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দম্পতির মেয়ে বাড়ির বারান্দায় বাবাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। একই সঙ্গে শোবার ঘরের বিছানায় মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে তিনি দ্রুত আত্মীয়দের খবর দেন এবং বিষয়টি বসিরহাট থানায় জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। পুলিশ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে সুদেব গোস্বামীর মৃত্যু আত্মহত্যা বলে মনে করা হলেও, সোমা গোস্বামীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিছানায় পড়ে থাকা স্ত্রীর মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার নেপথ্যে পারিবারিক অশান্তি, আর্থিক অনটন নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। মৃত দম্পতির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *