বারুইপুর কাণ্ডের ছায়া গুজরাটে: ধর্ষণে অভিযুক্তের পুলিশি রিভলবার ছিনিয়ে হামলার চেষ্টা, পাল্টা গুলিতে জখম – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেদাবাদ: পশ্চিমবঙ্গের বারুইপুরের ঘটনার প্রায় হুবহু পুনরাবৃত্তি ঘটল গুজরাটের আমেদাবাদে। তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া এক পেয়িং গেস্ট (PG) হাউসের নিরাপত্তারক্ষী পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে পায়ে গুলি লেগে আহত হয় অভিযুক্ত।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আমেদাবাদের আনন্দনগর এলাকার একটি পিজির ছাদে ২৩ বছরের এক তরুণী হাঁটাহাঁটি করছিলেন। অভিযোগ, সেখানে থাকা সিকিউরিটি গার্ড ধরম সিং তরুণীকে জোরপূর্বক ধরে, গলায় তার পেঁচিয়ে অচৈতন্য করে ফেলে এবং নৃশংসভাবে ধর্ষণ করে। ঘটনার পরেই পালিয়ে যায় সে।
ঘটনার তদন্তে নেমে আমেদাবাদ পুলিশ ১০টি বিশেষ দল গঠন করে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যেই হেবাতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় ধরম সিংকে। জানা গেছে, ঘটনার মাত্র চার দিন আগে উত্তরপ্রদেশের হারদোই থেকে এসে পিজিতে কাজ শুরু করেছিল সে।
পুনর্নির্মাণ ও এনকাউন্টার
সোমবার সকালে অপরাধের পুনর্নির্মাণের (Reconstruction) জন্য অভিযুক্ত ধরম সিংকে অকুস্থলে নিয়ে যায় পুলিশ। সেখানে হঠাৎ করেই পুলিশ ইন্সপেক্টর আর. এস. পারমারের সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। এতে বীরেন্দ্র সিং নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ধরমের পায়ে গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত আকুতি জানিয়ে বলছে, “আমাকে ক্ষমা করুন, এমন ভুল আর করব না।”
নতুন মামলা
পুলিশের ওপর হামলা ও সরকারি অস্ত্র ছিনতাইয়ের অপরাধে বডকদেব থানায় ধরমের বিরুদ্ধে আরেকটি নতুন এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বারুইপুরের মতোই আমেদাবাদের এই আকস্মিক এনকাউন্টারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
