বারুইপুর কাণ্ড: মুখ্যমন্ত্রীর সফরের আগেই আরও ৩ গ্রেপ্তার, যুদ্ধকালীন তৎপরতায় নতুন পুলিশ ফাঁড়ি – এবেলা

বারুইপুর কাণ্ড: মুখ্যমন্ত্রীর সফরের আগেই আরও ৩ গ্রেপ্তার, যুদ্ধকালীন তৎপরতায় নতুন পুলিশ ফাঁড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা এবং পরবর্তীতে গণপিটুনিতে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই জোড়া ঘটনায় তদন্তের গতি বাড়িয়ে শুক্রবার গভীর রাতে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে এই গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গণপিটুনির ঘটনায় মোট ৩৮ জনকে জালে তুলল পুলিশ।

শনিবার বারুইপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার পুলিশ সুপার অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠকের পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্যাতিতার বাড়ির কাছেই নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। সেই প্রতিশ্রুতি মেনে মাত্র চার দিনের মধ্যেই সূর্যপুর হাটের কাছে যুদ্ধকালীন তৎপরতায় চারতলা ভাড়াবাড়িতে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। অত্যাধুনিক এই ফাঁড়িতে থাকছে ইনচার্জের ঘর, অভিযোগ জানানোর পৃথক জায়গা, মহিলা অফিসারদের বসার ব্যবস্থা, লকআপ এবং রিজার্ভ ফোর্সের জন্য ক্যাম্প।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডল ও নির্যাতিতা নাবালিকার বাড়িতে ইতিমধ্যেই বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা বারুইপুর থানা থেকে সরাসরি নজরদারি করা হবে। এছাড়াও, শুক্রবার আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই নিহতদের বাড়ি পরিদর্শন করেছেন। ইন্দ্রজিতের বাড়িটি প্রশাসনের উদ্যোগে মেরামতও করা হয়েছে।

সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রী নির্যাতিতা ও ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং রাজ্য সরকারের তরফে তাঁদের বিশেষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। এছাড়াও, বারুইপুরের ফুলতলায় প্রসেনজিৎ বিশ্বাস নামক এক কিশোরের খুনের ঘটনায় তার পরিবারের সঙ্গেও পুলিশ সুপার অফিসে মুখ্যমন্ত্রী কথা বলবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *