বালি দ্বীপে পবিত্র ধর্মীয় উৎসবে অশ্লীল মন্তব্য! সুইৎজারল্যান্ডের পর্যটকের এক বছর জেল – এবেলা

বালি দ্বীপে পবিত্র ধর্মীয় উৎসবে অশ্লীল মন্তব্য! সুইৎজারল্যান্ডের পর্যটকের এক বছর জেল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসব ‘ন্যেপি’ অবমাননা এবং সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য ছড়ানোর দায়ে সুইৎজারল্যান্ডের ২৬ বছর বয়সি এক পর্যটককে এক বছরের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। অভিযুক্ত ওই যুবকের নাম লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। সাকা ক্যালেন্ডার অনুযায়ী পালিত এই নববর্ষ ও নীরবতার দিনে দ্বীপজুড়ে যান চলাচল ও আলো জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। পর্যটকদেরও এই কঠোর নিয়ম মেনে ঘরে বসে আত্মশুদ্ধি ও ধ্যান করার কড়া বিধান রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে লুজিয়ান সমুদ্র সৈকতে বেরিয়ে পড়েন এবং ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এই পবিত্র উৎসবকে পাগলামি বলে কটাক্ষ করেন। তার ভিডিওটি দ্রুত ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

জনরোষের মুখে পড়ে পুলিশ বালি দ্বীপের একটি ভিলা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং গত জুন মাস থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালতে বিচারাধীন অবস্থায় লুজিয়ান নিজের ভুল স্বীকার করে বালির জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেন, লকডাউনে চরম খাদ্য সংকটের কারণে তিনি ঘর থেকে বের হতে বাধ্য হয়েছিলেন এবং নিয়মের কড়াকড়ি সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। তবে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক তাকে এক বছরের জেলের সাজা শোনান। এই কড়া পদক্ষেপের মাধ্যমে স্থানীয় প্রশাসন বুঝিয়ে দিল যে, দ্বীপের ধর্মীয় ভাবাবেগ ও প্রাচীন সংস্কৃতির সঙ্গে কোনো রকম আপস করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *