বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের নিয়মে বড় বদল! চালু হলো ‘পিঙ্ক কার্ড’, জানুন কীভাবে আবেদন করবেন? – এবেলা
August 2, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের নিয়মে এবার বড় পরিবর্তন এল। গত ১ জুন থেকে যে কোনো একটি পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করা গেলেও, আগামী ১ অগাস্ট থেকে চালু করা হয়েছে বিশেষ ‘পিঙ্ক কার্ড’। এখন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতে এই পিঙ্ক কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।
দূরপাল্লার বা শহরতলির—এসি ও নন-এসি সব ধরণের সরকারি বাসেই এই পিঙ্ক কার্ড দেখিয়ে টিকিট কাটার সময় সরাসরি ‘০’ (জিরো) ব্যালান্সের টিকিট পাওয়া যাবে। যাদের কাছে এই কার্ড থাকবে না, তাদের স্বাভাবিক ভাড়া দিয়েই যাতায়াত করতে হবে।
কীভাবে পাবেন এই ‘পিঙ্ক কার্ড’?
পরিবহন দফতর জানিয়েছে, অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই এই কার্ডের জন্য আবেদন করা যাবে:
- অনলাইন পদ্ধতি: পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (
[https://wb.gov.in/](https://wb.gov.in/))-এ গিয়ে পিঙ্ক কার্ডের লিঙ্কে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে আবেদন জমা দিন এবং রিসিটটি ডাউনলোড করে রাখুন। - অফলাইন পদ্ধতি: পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিও অফিসে (BDO Office) এবং পুরসভা এলাকার বাসিন্দারা স্থানীয় পুরসভায় গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
- জাতীয় পরিচয়পত্র / আধার কার্ড
- ভোটার কার্ড (সংশোধিত তালিকায় নাম থাকা বাধ্যতামূলক)
- স্থায়ী বাসিন্দার শংসাপত্র
- স্ট্যাম্প সাইজের ছবি
- সচল মোবাইল নম্বর
যথাযথ নথি যাচাই (Verification) প্রক্রিয়ার পর যোগ্য আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে এই ‘পিঙ্ক কার্ড’।
