বিএড কোর্সে ভর্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল, আপাতত বন্ধই থাকছে প্রক্রিয়া

বিএড কোর্সে ভর্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল, আপাতত বন্ধই থাকছে প্রক্রিয়া

২০২৬-২৮ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধই থাকছে। অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে রাজ্যের ২০৫টি কলেজের ভর্তি প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আম্বেদকর বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ৬০টিরও বেশি কলেজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। শুক্রবার আদালত স্পষ্ট জানিয়েছে, অনুমোদন সংক্রান্ত সমস্যা না মেটা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।

আদালতে কলেজগুলির আইনজীবীদের অভিযোগ, গত ৪ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ভর্তি বন্ধের কথা জানানো হলেও নির্দিষ্ট ত্রুটির কথা উল্লেখ করা হয়নি। শোকজের জবাব দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো সদুত্তর মেলেনি। অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়েছে, পরিকাঠামো ছাড়াই অনেক কলেজে টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার ব্যবসা চলছে।

সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত আপাতত বহাল থাকবে। তবে আগামী ১৫ দিনের মধ্যে কলেজগুলির বক্তব্য শুনে বিশ্ববিদ্যালয়কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আদালতের এই নির্দেশের পর কিছু কলেজ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *