লেটেস্ট নিউজ

বিজেপিকে ব্রাত্য রেখে রাজের সঙ্গে হাত মেলালেন সিন্ধে, মহারাষ্ট্রের পুর-রাজনীতিতে নয়া মোড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের পুরভোটের ফল প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন। কল্যাণ-ডোম্বিভলি পুরসভায় দীর্ঘদিনের জোটসঙ্গী বিজেপিকে কার্যত কোণঠাসা করে রাজ থ্যাকারের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র সঙ্গে হাত মেলালেন একনাথ সিন্ধে। লক্ষ্য একটাই— বিজেপিকে মেয়র পদ থেকে দূরে রাখা।

১২২ আসনের এই পুরসভায় বিজেপি ৫০টি আসন পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, সিন্ধে সেনার ৫৩ এবং রাজ থ্যাকারের দলের ৫টি আসন মিলিয়ে নয়া সমীকরণ তৈরি হয়েছে। বোর্ড গড়তে প্রয়োজনীয় বাকি চার কাউন্সিলর উদ্ধব শিবির থেকে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন শ্রীকান্ত সিন্ধে। এই পদক্ষেপে স্পষ্ট যে, মেয়র পদ নিয়ে দড়ি টানাটানির জেরেই ‘শত্রু’ রাজের শরণাপন্ন হয়েছেন একনাথ।

অন্যদিকে, বৃহন্মুম্বই পুরসভা (BMC) নিয়ে চরম উৎকণ্ঠায় গেরুয়া শিবির। সর্বাধিক আসন পেয়েও লটারির গেরোয় মেয়র পদ হাতছাড়া হতে পারে বিজেপির। নিয়ম অনুযায়ী, এবারের মেয়র পদ যদি লটারিতে তফশিলি উপজাতি (ST) সংরক্ষিত হয়, তবে কপাল খুলতে পারে উদ্ধব থ্যাকারের দলের। কারণ, বিজেপি বা সিন্ধে শিবিরের কোনও এসটি কাউন্সিলর নেই, যা উদ্ধব শিবিরে রয়েছে। আজ নগরোন্নয়ন দপ্তরে লটারির মাধ্যমেই নির্ধারিত হবে মুম্বইয়ের ভবিষ্যৎ।

এদিকে, সংখ্যালঘু এলাকায় মিম (AIMIM)-এর জয় নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন সিন্ধে শিবিরের সঞ্জয় নিরূপম। একে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ ও মহারাষ্ট্রে ‘মুসলিম দ্বীপ’ তৈরির চেষ্টা বলে কটাক্ষ করেছেন তিনি। যদিও মিম নেতৃত্ব এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *