বিজেপিতে শুদ্ধিকরণ অভিযান! তৎকাল নেতাদের দিন শেষ? – এবেলা

বিজেপিতে শুদ্ধিকরণ অভিযান! তৎকাল নেতাদের দিন শেষ? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপিতে যোগ দেওয়া নতুন সদস্যদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে দল। দলের ক্ষমতা বাড়ার সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ রাতারাতি গেরুয়া শিবিরে নাম লিখিয়ে নিজেদের সুবিধা হাসিলের চেষ্টা করছেন বলে অভিযোগ। এই ‘বেনোজল’ রুখতে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবার সরাসরি মাঠে নামছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। নিচুতলা থেকে জেলাস্তর পর্যন্ত শুরু হতে চলেছে এক ব্যাপক শুদ্ধিকরণ অভিযান।

নজরদারি ও নতুন ছাঁকনি

বর্তমানে বুথ, মণ্ডল ও জেলাস্তরে শৃঙ্খলা বজায় রাখা বিজেপির নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলীয় সূত্রে খবর, পালাবদলের পর যারা হঠাৎ করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন, তাদের উপর কড়া নজরদারি চালাচ্ছে আরএসএস। সংগঠনের অভ্যন্তরে কে আসল আর কে অনুপ্রবেশকারী, সেই তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। বিশেষ করে পদ ও ক্ষমতার লোভে যারা দলের বিভিন্ন শাখা সংগঠনে মিশে গিয়ে বিতর্কিত কার্যকলাপ চালাচ্ছেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

আরএসএসের হাতেই সংগঠনের রাশ

সংগঠনকে সুশৃঙ্খল করতে এবার থেকে প্রতিটি স্তরে কমিটি গঠনের ক্ষেত্রে আরএসএসের সবুজ সংকেত বাধ্যতামূলক করা হচ্ছে। দীর্ঘদিনের কর্মীরা যাতে কোণঠাসা না হন এবং হঠাৎ করে দলে আসা ব্যক্তিদের দাপট কমতে পারে, তা নিশ্চিত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। বিতর্কিত নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও এখন সময়ের অপেক্ষা। মূলত, সাধারণ মানুষের কাছে দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এবং শৃঙ্খলা ফেরাতে আরএসএসের এই অগ্নিপরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *