বিজেপির পিচে ব্যাট করতে নামল হাত শিবির! ৯৫০ কিমি পদযাত্রা শুরু দিগ্বিজয় সিংয়ের, নেপথ্যে কোন ছক? – এবেলা

এবেলা ডেস্কঃ
মন্দিরে মন্দিরে চুরি ও দুর্নীতির অভিযোগ তুলে মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে অযোধ্যা পর্যন্ত ৯৫০ কিলোমিটার দীর্ঘ ‘সত্য সনাতন স্বাভিমান পদযাত্রা’ শুরু করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে আয়োজিত এই পদযাত্রায় তাঁর সঙ্গে যোগ দিয়েছেন একাধিক সাধুসন্ত ও অনুগামীরা। যদিও দিগ্বিজয় সিং একে তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ বলে দাবি করেছেন এবং এর সঙ্গে দলের কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট জানিয়েছেন, তবুও মধ্যপ্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি অন্য ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মোকাবিলা করতে এবং রাজ্যে ও দলের অন্দরে নিজেদের ক্ষয়িষ্ণু রাজনৈতিক প্রভাব ও প্রতিপত্তি পুনরুদ্ধার করতেই এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে কংগ্রেস।
দীর্ঘদিন ধরে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দিগ্বিজয় সিং নিজেকে গর্বিত হিন্দু হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তাঁর অভিযোগ, বর্তমান শাসক দলের আমলে সনাতন ধর্ম এবং মন্দিরগুলির নিরাপত্তা বিপন্ন হয়েছে এবং মহাকাল মন্দির করিডোর থেকে অযোধ্যার রাম মন্দির অনুদান—সবক্ষেত্রেই দুর্নীতি চলছে। এর আগেও কংগ্রেসের পক্ষ থেকে নরমে-গরম হিন্দুত্ববাদী কৌশল অবলম্বনের ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক এই পদযাত্রার মাধ্যমে কংগ্রেস প্রত্যক্ষভাবে দলীয় সিলমোহর না দিলেও, পরোক্ষভাবে হিন্দু ভোটারদের মন জয় করার এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চাইছে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।
