বিজেপি এলে কি বন্ধ হবে মাছ-মাংস? হুঙ্কার দিয়ে কী বললেন হিমন্ত!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খাদ্যাভ্যাস’ নিয়ে তৃণমূল কংগ্রেসের করা প্রচারের পাল্টা জবাব দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এসে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ বা পাঁঠার মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে তিনি একইসঙ্গে নিশ্চিত করেছেন যে, বিজেপি সরকার ক্ষমতায় এলে গো-মাংস নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর করা হবে।
নিজেদের শাসনামলে সাধারণ মানুষের আমিষ খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা বিজেপির নেই বলে দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। মাছ-ভাতের বাঙালির চিরাচরিত আবেগকে পুঁজি করে তৃণমূলের প্রচারিত ‘ভয়ের বাতাবরণ’ কাটানোর লক্ষ্যেই তিনি এই বার্তা দিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। গো-মাংস নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়ে একদিকে যেমন হিন্দুত্বকে ইস্যু করা হয়েছে, অন্যদিকে আমিষ খাবার নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি দূর করার কৌশল নিয়েছেন তিনি। খাদ্যাভ্যাস নিয়ে এই নতুন রাজনৈতিক মেরুকরণ আসন্ন ভোটে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
