বিজেপি নেতার সঙ্গে নন্দীগ্রামে ঘোরার অভিযোগ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সরানোর দাবিতে কমিশনকে চিঠি তৃণমূলের

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নন্দীগ্রামে নির্বাচনী এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন। এই ঘটনায় নিরপেক্ষতা লঙ্ঘনের দায়ে তাঁকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশনকে কড়া চিঠি পাঠিয়েছে রাজ্যের শাসক দল।
মঙ্গলবার রাতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে অভিযোগ করা হয়েছে, গত ৫ এপ্রিল নন্দীগ্রামে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে মনোজ আগরওয়াল বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। তৃণমূলের দাবি, সরকারি প্রোটোকল ভেঙে তিনি বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে।
ডেরেক ও’ব্রায়েন তাঁর চিঠিতে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন যে, নন্দীগ্রামের হিন্দু এলাকাগুলি ঘোরার সময় রাজ্যের সিইও-র সঙ্গী ছিলেন কালীচরণপুর অঞ্চল কমিটির বিজেপি আহ্বায়ক তপন কুমার মহাপাত্র। অভিযোগ, ওই বিজেপি নেতাই তাঁকে বাড়ি বাড়ি নিয়ে যান এবং ভোটারদের সঙ্গে কথা বলান। একজন উচ্চপদস্থ আধিকারিকের এমন আচরণকে অনভিপ্রেত ও বেআইনি বলে দাবি করেছে তৃণমূল।
প্রমাণ হিসেবে তৃণমূলের পক্ষ থেকে একটি ছবিও কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন জনৈক এক ব্যক্তি, যাকে বিজেপি নেতা তপন কুমার মহাপাত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তৃণমূলের মতে, এই ছবিই প্রমাণ করে যে রাজ্যের সর্বোচ্চ নির্বাচনী আধিকারিক আদতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন।
এই ঘটনার প্রেক্ষিতে মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে শোকজ করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। চিঠিতে সাফ জানানো হয়েছে, তদন্তে এই গুরুতর অভিযোগ প্রমাণিত হলে তাঁকে অবিলম্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অপসারিত করতে হবে। নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
