বিদায় ‘দামু’র জনক, প্রয়াত ৩টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ পরিচালক রাজা সেন – এবেলা

বিদায় ‘দামু’র জনক, প্রয়াত ৩টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ পরিচালক রাজা সেন – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলা চলচ্চিত্র ও দূরদর্শন জগতের বিশিষ্ট পরিচালক, তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী রাজা সেন আর নেই। রবিবার, ১৬ অগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘ দিন ধরে জটিল স্নায়বিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

কয়েক বছর আগে ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় কোমরে চোট পাওয়ার পর থেকেই চলাফেরায় সমস্যা শুরু হয়। চলতি বছরের শুরুতে নিম্নাংশ অবশ হয়ে পড়ায় ফেব্রুয়ারি মাসে কোমর ও মেরুদণ্ডের সংযোগস্থলে অস্ত্রোপচারও হয়েছিল। টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।

‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’ ও ‘মায়া মৃদঙ্গ’-এর মতো কালজয়ী চলচ্চিত্র ছাড়াও সুচিত্রা মিত্রের ওপর নির্মিত তথ্যচিত্রের জন্য তিনি সুপরিচিত ছিলেন। ‘দামু’ (সেরা শিশুচলচ্চিত্র), ‘আত্মীয় স্বজন’ এবং তাঁর তথ্যচিত্রের জন্য তিনি মোট ৩টি জাতীয় পুরস্কার অর্জন করেন। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনে ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’ ও ‘আরোগ্য নিকেতন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক পরিচালনা করে তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *