বিদ্রোহী শিবিরে ফিরহাদ হাকিম? ৬৫ বিধায়ক নিয়ে ‘আসল তৃণমূল’ গড়ার বিস্ফোরক দাবি ঋতব্রতের! – এবেলা

বিদ্রোহী শিবিরে ফিরহাদ হাকিম? ৬৫ বিধায়ক নিয়ে ‘আসল তৃণমূল’ গড়ার বিস্ফোরক দাবি ঋতব্রতের! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ছাব্বিশের রাজনৈতিক আবহে তৃণমূলের অন্দরে ভাঙন ও বিদ্রোহের আগুন যেন কিছুতেই নিভছে না। সাংসদদের পর এবার ঘাসফুল শিবিরের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাও একলাফে আরও বেড়ে গেল। নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করা বিদ্রোহী শিবিরের দলনেতা (LOP) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর মতে, তাঁদের শিবিরে বিদ্রোহী বিধায়কের সংখ্যা ৬৪ থেকে বেড়ে এখন ৬৫ হয়েছে।

কিন্তু কে এই ৬৫ নম্বর বিধায়ক? রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি করে খোদ কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিমের দিকেই ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। উল্লেখ্য, এই বড় ঘোষণার ঠিক আগেই রাজ্য বিধানসভায় গিয়ে বিদ্রোহী শিবিরের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং উপ-দলনেতা (Deputy LOP) সন্দীপন সাহার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন ফিরহাদ হাকিম। আর এই বৈঠকের পর থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা।

গত কয়েকদিনে তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক যেভাবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে নতুন ফ্রন্ট খুলেছেন, তাতে ফিরহাদের মতো হেভিওয়েট নেতার এই বৈঠক ঘাসফুল শিবিরের অস্বস্তি ও চাপ যে বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। তবে ফিরহাদ হাকিম সত্যিই বিদ্রোহী শিবিরে যোগ দিলেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *