বিপাকে পবন খেরা, সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি!

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলায় কংগ্রেস নেতা পবন খেরার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চান্দুরকারের বেঞ্চ জানিয়েছে, এই মামলায় আইনি স্বস্তি পেতে হলে খেরাকে অবিলম্বে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশনার ফলে কংগ্রেস নেতার গ্রেফতারির ঝুঁকি তৈরি হয়েছে।
শুনানি চলাকালীন জামিনের আবেদনের নথিপত্রে ভুল তথ্য দেওয়ার বিষয়টি আদালতের নজর এড়ায়নি। সলিসিটর জেনারেল অভিযোগ করেন যে, তেলেঙ্গানা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার সময় খেরা ভুল নথিপত্র ব্যবহার করেছিলেন। যদিও খেরার কৌঁসুলি এটিকে মানবিক ভুল বলে উল্লেখ করেন, আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। তবে আদালত গৌহাটি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, তারা যেন কোনো পূর্বনির্ধারিত ধারণা ছাড়াই স্বাধীনভাবে এই মামলার শুনানি সম্পন্ন করে। পবন খেরার বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুঁয়া শর্মার দায়ের করা এই মানহানি মামলাটি বর্তমানে রাজনৈতিক মহলে বেশ চর্চায় রয়েছে।
