বিপুল অর্থের পাহাড় পিএম কেয়ার্সে, তবু দুর্নীতির তদন্তে কেন হাত গুটিয়ে নিল লোকপাল? – এবেলা

এবেলা ডেস্কঃ
করোনাকালে গঠিত পিএম কেয়ার্স (PM CARES) তহবিলে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে লোকপালের দ্বারে হাজির হয়েছিলেন বিরোধীরা।তবে তদন্ত শুরু করার আবেদন একঝটকায় নাকচ করে দিয়েছে দুর্নীতিবিরোধী এই শীর্ষ সংস্থা। লোকপালের স্পষ্ট বক্তব্য, পিএম কেয়ার্স তহবিলে শীর্ষস্তর থেকে বিপুল অর্থ তছরুপ বা অনিয়মের যে দাবি তোলা হয়েছে, তার সপক্ষে প্রাথমিক বা যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণই পেশ করতে পারেননি আবেদনকারী। উপযুক্ত প্রমাণের অভাবেই আপাতত তদন্তে সায় দেওয়া সম্ভব নয়, তবে সমস্ত নথিপত্রসহ নতুন করে আবেদন করার পথ খোলা রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়ে এই তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ-বিদেশের অগণিত নাগরিক ও সংস্থার অনুদানে জমে উঠেছে বিপুল অর্থ, যার একটি বড় অংশ ত্রাণকার্যে খরচের পর গচ্ছিত রাখা হয় ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত তথ্য অনুযায়ী, এই তহবিলে জমানো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৫২ কোটি টাকায়, যার মধ্যে ৭ হাজার ৮৪৬ কোটি টাকাই রয়েছে ফিক্সড ডিপোজিটে।প্রমাণহীন অভিযোগের কারণে এই পাহাড়প্রমাণ তহবিলের তদন্ত শেষমেশ শুরুই করা গেল না।
