বিমানের ভাড়াতেই ১৫০ কোটি! অভিষেকের ‘রাজকীয়’ চার্টার্ড-সফর ঘিরে তোলপাড় তৃণমূল – এবেলা

বিমানের ভাড়াতেই ১৫০ কোটি! অভিষেকের ‘রাজকীয়’ চার্টার্ড-সফর ঘিরে তোলপাড় তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: নির্বাচনে দলের বিপর্যয়ের পর থেকেই চতুর্দিক থেকে আক্রমণের মুখে পড়ছেন তৃণমূলের এককালীন ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভের মাঝেই এবার ঘৃতাহুতি দিয়েছে তাঁর বহুমূল্য চার্টার্ড বিমান সফর। যে পথের দূরত্ব বিজনেস ক্লাসে গেলে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় মেটানো সম্ভব, সেই পথেই ৫ লক্ষ টাকা খরচ করে চার্টার্ড বিমানে উড়েছেন অভিষেক। আর এই ‘রাজকীয়’ সফর নিয়েই এবার দলের ভেতরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

আঞ্চলিক দল হিসেবে সর্বকালীন রেকর্ড! তৃণমূলের অডিট রিপোর্ট থেকে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিগত মাত্র ৪ বছরে শুধু চার্টার্ড বিমানে যাতায়াতের জন্যই তৃণমূল কংগ্রেস খরচ করেছে প্রায় ১৫০ কোটি টাকা! যার সিংহভাগই ব্যয় হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ভারতের রাজনৈতিক ইতিহাসে আর কোনও আঞ্চলিক দলের এত বিপুল পরিমাণ উড়ান-খরচের নজির নেই।

একনজরে ৪ বছরের উড়ান-খরচের খতিয়ান:

  • ২০২২ সাল: ৩৫ কোটি টাকা
  • ২০২৩ সাল: ১৩ কোটি টাকা
  • ২০২৪ সাল: ৫৬ কোটি টাকা
  • ২০২৫ সাল: ৩৭ কোটি টাকা

হিসেব বলছে, ২০২১ সালের পর থেকে চার্টার্ড বিমানে সব মিলিয়ে প্রায় ১৪১ কোটি টাকা উড়িয়েছে তৃণমূল।

টাকার উৎস কোথায়? সরব দলের নেতারাই এত বিপুল পরিমাণ টাকার উৎস কী, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী শীর্ষ নেতারাও। এই বিপুল ব্যয় প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “এটা যদি দলের টাকা হয়ে থাকে, তবে আমি সমর্থন করি না।”

অন্যদিকে, সুযোগ পেয়ে আসরে নেমেছে বিরোধীরাও। বিজেপি বিধায়ক সজল ঘোষ তীব্র কটাক্ষ করে বলেছেন, “চার্টার্ড বিমান ভাড়ায় যত টাকা খরচ হয়েছে, ওই টাকায় তৃণমূল চাইলে একটা আস্ত বিমানই কিনে ফেলতে পারত!” দলের চরম ডামাডোলের মধ্যে এই ‘উড়ান-বিতর্ক’ যে ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *