বিমানে যাতায়াতে বিশাল স্বস্তি, টিকিট বাতিলে আর কাটবে না এক টাকাও – এবেলা
এবেলা ডেস্কঃ
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে ঐতিহাসিক পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। এবার থেকে বিমানের টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে পকেট থেকে অতিরিক্ত টাকা খসানোর দিন শেষ হতে চলেছে। নতুন সংশোধিত অসামরিক বিমান চলাচল বিধি (CAR) অনুযায়ী, গ্রাহক স্বার্থ রক্ষায় একাধিক কড়া নিয়ম জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।
টিকিট বাতিলে ১০০ শতাংশ রিফান্ড
নতুন নিয়ম অনুযায়ী, টিকিট বুকিং করার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যদি কোনো যাত্রী ট্রিপ বাতিল করেন বা টিকিটে কোনো পরিবর্তন করতে চান, তবে তাকে কোনো বাড়তি চার্জ দিতে হবে না। অর্থাৎ, ক্যানসেলেশন ফি ছাড়াই টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন যাত্রীরা। তবে বুকিংয়ের সময় থেকে এই ৪৮ ঘণ্টার সুযোগ মিলবে। যাতায়াতের সময় পরিবর্তনের ক্ষেত্রে যদি টিকিটের দামের পার্থক্য থাকে, তবে শুধুমাত্র সেই বাড়তি ভাটুকু দিতে হবে।
নামের ভুল সংশোধনে লাগবে না বাড়তি ফি
টিকিট বুকিংয়ের সময় নামের বানানে ছোটখাটো ভুল হওয়া অত্যন্ত সাধারণ বিষয়। আগে এর জন্য বিমান সংস্থাগুলো চড়া ফি আদায় করত। এবার সেই রাস্তা বন্ধ করল DGCA। বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে যদি নামের ভুল ধরা পড়ে এবং তা জানানো হয়, তবে কোনো চার্জ ছাড়াই তা সংশোধন করে দিতে বাধ্য থাকবে এয়ারলাইন্সগুলো। তবে শর্ত হলো, টিকিটটি সরাসরি ওই বিমান সংস্থার ওয়েবসাইট থেকে কেনা হতে হবে।
রিফান্ডের সময়সীমা ও থার্ড পার্টি বুকিং
অনেক সময় ট্রাভেল এজেন্ট বা অনলাইন পোর্টাল থেকে টিকিট কাটলে রিফান্ড পেতে কালঘাম ছুটে যায় যাত্রীদের। এবার স্পষ্ট জানানো হয়েছে, টিকিট যেখান থেকেই বুক করা হোক না কেন, রিফান্ডের দায়বদ্ধতা সরাসরি বিমান সংস্থার। ১৪ কার্যদিবসের মধ্যে যাত্রীকে টাকা ফেরত দিতে হবে।
জরুরি চিকিৎসা ও বিশেষ সুবিধা
যদি কোনো যাত্রী বা তার পরিবারের কোনো সদস্য (একই PNR ভুক্ত) হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে সেই ক্ষেত্রেও সম্পূর্ণ টাকা ফেরত অথবা ভবিষ্যতে ভ্রমণের জন্য ক্রেডিট পয়েন্ট দিতে হবে বিমান সংস্থাকে।
কিছু গুরুত্বপূর্ণ শর্ত
এই নতুন সুবিধা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি:
- অন্তর্দেশীয় ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন আগে টিকিট বুক করলে এই ৪৮ ঘণ্টার নিয়ম কার্যকর হবে।
- আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার অন্তত ১৫ দিন আগে টিকিট বুক করা থাকতে হবে।
- নির্ধারিত এই সময়ের পরে টিকিট বাতিল করলে আগের মতোই স্বাভাবিক ক্যানসেলেশন চার্জ প্রযোজ্য হবে।
২০২৫ সালের ডিসেম্বর মাসে রিফান্ড সংক্রান্ত অসংখ্য অভিযোগ জমা পড়ার পরেই কড়া অবস্থান নিয়েছে মন্ত্রক। যাত্রী পরিষেবাকে আরও স্বচ্ছ এবং হয়রানি মুক্ত করতেই এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

