বিয়েতে হুলস্থূল! মালা বদলের পরেই কিউপিডের বদলে রণক্ষেত্র, পিঁড়ি ছেড়ে পালালেন কনে!

বিহারের বৈশালী জেলার কুতুবপুর গ্রামে বরপক্ষের অসৌজন্যমূলক আচরণ ও বরের কুরুচিকর মন্তব্যের জেরে বিয়ের আসরে তুলকালাম কাণ্ড ঘটেছে। জয়মালার আনুষ্ঠানিকতা শেষে কনে বিশ্রামে থাকা অবস্থায় বরপক্ষের কয়েকজন যুবক অতর্কিতভাবে তার ঘরে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে সংঘর্ষের সৃষ্টি হয় এবং বিয়ে বাড়ির প্যান্ডেল রণক্ষেত্রে পরিণত হয়।
লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে সংঘর্ষের জেরে বরযাত্রীদের ব্যবহৃত স্করপিও ও আর্টিকাসহ বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার এক পর্যায়ে বর কনের উদ্দেশে অপমানজনক মন্তব্য করলে কনে বিয়ে ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে বরকে থানায় নিয়ে যায়। খবর অনুযায়ী, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
