বিয়ের পিঁড়িতে তামিল অভিনেতা অশ্বিন কুমার, প্রকাশ্যে স্ত্রী ভুবনেশ্বরীর পরিচয়

তামিল অভিনেতা অশ্বিন কুমার লক্ষ্মীকান্তন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত ২০ নভেম্বর কোয়েম্বাটুরে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে ভুবনেশ্বরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের বেশ কিছু ছবি অভিনেতা নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেছেন, যা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
বিয়ের খবরের পাশাপাশি চর্চায় উঠে এসেছে অশ্বিনের স্ত্রী ভুবনেশ্বরীর পরিচয়। জানা গেছে, তিনি প্রয়াত তামিল পরিচালক রাজশেখরের নাতনি। রাজশেখর দক্ষিণী চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম। তিনি রজনীকান্তের ‘পড়িক্কাধাভান’, ‘মাপ্পিল্লাই’ এবং কমল হাসনের ‘বিক্রম’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন। তাঁর পরিবারের সঙ্গে ভুবনেশ্বরীর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই অশ্বিনের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, রিয়্যালিটি শো ‘কুকু উইথ কোমালি’-র দ্বিতীয় সিজনে অংশ নিয়ে তামিল দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান অশ্বিন। তবে তার আগেই টেলিভিশনের ধারাবাহিক ‘অফিস’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। পরবর্তীকালে ‘আদিত্য বর্মা’, ‘এন্না সোল্লা পোগিরাই’ এবং ‘সেম্বি’-র মতো চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দাতেও নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেতা। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিয়োতেও তাঁকে দেখা গিয়েছে।
