বিরোধী দলনেতা নির্বাচন: অধ্যক্ষকে নতুন চিঠি দিতে প্রস্তুত ঋতব্রত শিবির

কলকাতা হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে নিয়োগ বাতিল করলেও, এই পদে নতুন করে নির্বাচনের সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আগামী সোম বা মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে নতুন চিঠি পাঠাতে পারে অরূপ রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল।

দলীয় সূত্রে খবর, ওই চিঠিতে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে চেয়ে বিধায়কদের স্বাক্ষর থাকবে। চিঠি জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট বিধায়করা সশরীরে অধ্যক্ষের কক্ষে উপস্থিত থাকতে পারেন। অন্যদিকে, মমতা তৃণমূলও পাল্টা রণকৌশল তৈরি করছে। কালীঘাটের পাশে বর্তমানে কতজন বিধায়ক আছেন তা স্পষ্ট না হলেও, তারা এই লড়াই থেকে সরতে নারাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিধায়করা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরে আসছেন।

তবে গণতান্ত্রিক তৃণমূল এই দাবি খারিজ করে জানিয়েছে, তাদের কাছে প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা রয়েছে এবং অধ্যক্ষ চাইলে তারা তা প্রমাণ করতে প্রস্তুত। আগামী ৪ ডিসেম্বর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। গণতান্ত্রিক তৃণমূল নেতৃত্বের ধারণা, অধিবেশন শুরুর আগেই অধ্যক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে চিঠির খসড়া তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন ‘এআইটিসি’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করে দেওয়ায়, নতুন চিঠিতে কোন দলের নাম ব্যবহার করা হবে, তা নিয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। গণতান্ত্রিক তৃণমূলের দাবি, এখন সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৪১ জন বিধায়কের সমর্থন থাকলেই ঋতব্রত পুনরায় বিরোধী দলনেতা হতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *